
কলকাতা, ২৯ জুন (হি.স.): বিনা বৃষ্টিতেই কলকাতার জোড়াবাগান এলাকায় ভেঙে পড়ল একটি বাড়ি। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি। সোমবার সকালে জোড়াবাগান এলাকার ২০ নম্বর ওয়ার্ডের ২৪, কাশী দত্ত স্ট্রিটে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। সকাল তখন পৌনে ৬টা হবে, বাড়িটির দোতলার সামনের অংশটি হঠাৎই ধসে পড়ে। স্থানীয় সূত্রের খবর, বাড়িতে থাকতেন দেবাশিস মিত্র, তাঁর ভাই শুভাশিস মিত্র এবং তাঁদের মা গোপা মিত্র। ওই বৃদ্ধা বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছেন। কোনও হতাহতের খবর নেই। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গতকাল বিকেলে ভারী বৃষ্টির জন্যই বাড়িটির দুর্বল অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এরকম আরও অন্তত বেশ কিছু বাড়ি এই ওয়ার্ডে রয়েছে, যা প্রায় জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ