
উত্তর দিনাজপুর, ২৯ জুন (হি.স.): সামান্য বৃষ্টিতেই জলমগ্ন এলাকা, অথচ পুরসভার হেলদোল নেই, এমনই অভিযোগ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের উত্তর কলেজপাড়ার বাসিন্দাদের। নিকাশি সংস্কারের দাবিতে রবিবারের পর ফের সোমবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন রায়গঞ্জের উত্তর কলেজপাড়ার বাসিন্দারা। এদিন সকাল ১০টা নাগাদ রায়গঞ্জ শহরের পুরনো ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়দের একাংশ। ব্যস্ত সময়ে এই অবরোধের জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রবিবার রাতের পর এলাকায় আর নতুন করে ভারী বৃষ্টি হয়নি। তা সত্ত্বেও উত্তর কলেজপাড়া, পূর্বাশাপাড়া-সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে বহু বাড়ির উঠোন পর্যন্ত জল থৈ থৈ করছে। জমা জল না নামায় চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। তাঁদের দাবি, বারবার পুরসভাকে জানিয়েও কোনও লাভ হয়নি। ঘণ্টা খানেক অবরোধ চলার পর রায়গঞ্জ পুরসভার সাফাইকর্মীরা ওই এলাকার নিকাশিনালা সাফাই করে জল নামানোর চেষ্টা করলে অবরোধ ওঠে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ