
মুম্বই, ২৯ জুন (হি.স.): নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী থানে জেলায় ২০২৬ সালের এসআইআর অভিযান শুরু হচ্ছে। সোমবার থানে জেলা প্রশাসন জানিয়েছে, ৩০ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত বুথ স্তরের আধিকারিকরা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই ও প্রয়োজনীয় আবেদনপত্র সংগ্রহ করবেন।
প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট ভোটার বাড়িতে না থাকলেও পরিবারের অন্য সদস্য বা আত্মীয় তাঁর হয়ে তথ্য দিয়ে আবেদনপত্রে স্বাক্ষর করতে পারবেন। ফলে শুধুমাত্র এই কাজের জন্য কর্মীদের আলাদা করে ছুটি নেওয়ার প্রয়োজন হবে না।
৫ আগস্ট ২০২৬-এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ভোটাররা নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইট, voters.eci.gov.in, 'ভোটার হেল্পলাইন' অ্যাপ অথবা ECINet মোবাইল অ্যাপের মাধ্যমে যেকোনও স্থান থেকে নিজেদের নাম যাচাই করতে পারবেন।
প্রশাসন জানিয়েছে, ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার তালিকায় নাম সংযোজন, সংশোধন বা বাদ দেওয়ার জন্য অনলাইনে দাবি ও আপত্তি জানানো যাবে। এই সময়ের মধ্যেই জমা পড়া আবেদনগুলির নিষ্পত্তি করা হবে।
সময়সূচি অনুযায়ী, ৩০ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত ফর্ম বিতরণ ও তথ্য সংগ্রহ করবেন। ৫ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। সব আপত্তির নিষ্পত্তির পর ৭ অক্টোবর ২০২৬ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য