
কলকাতা, ২৯ জুন (হি. স.) : গুণ্ডা দমন-সহ দুইটি বিল পাস, তীব্র বিরোধিতা এসইউসিআই(সি)-র। বাজেট অধিবেশনের শেষ দিনে বিধানসভায় সোমবার - ওয়েস্ট বেঙ্গল পাব্লিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি - সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬ এবং ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাব্লিক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই পাস হয়েছে। যদিও এই দুই বিলের তীব্র বিরোধিতা করেছে এসইউসিআই(কমিউনিস্ট)। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে এদিন অভিযোগ করেন, গুণ্ডা দমনের নামে পুলিশের হাতে অতিরিক্ত ক্ষমতা তুলে দেওয়া হয়েছে, যা রাজনৈতিক বিরোধী ও গণআন্দোলনের কর্মীদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। তাঁর দাবি, বিদ্যমান আইনে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও নতুন আইনের মাধ্যমে সন্দেহের ভিত্তিতে দীর্ঘ সময় আটক রাখার সুযোগ তৈরি হয়েছে। দ্বিতীয় বিল প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের সময় সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান গণতান্ত্রিক প্রতিবাদের অধিকারকে খর্ব করতে পারে। প্রশাসন যে কোনও আন্দোলনকে কাজেই ‘বেআইনি’ বা ‘জনশৃঙ্খলা বিঘ্নকারী’ বলে চিহ্নিত করার সুযোগ পাবে বলেও অভিযোগ করেন তিনি। এসইউসিআই(সি) অবিলম্বে দুই বিল প্রত্যাহারের দাবি জানিয়ে এর বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত