
ইটানগর, ২৯ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করে কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
এদিকে রাজ্যের বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের খোঁজখবর নেওয়ায় এবং কেন্দ্রীয় সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স-এ মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আজ অরুণাচল প্রদেশের বন্যা পরিস্থিতির খোঁজখবর নিতে আমাকে ফোন করার জন্য আমি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
‘আমি তাঁকে বর্তমান বন্যা পরিস্থিতি এবং চলমান ত্রাণ, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেছি। অরুণাচল প্রদেশের মানুষের কল্যাণে তাঁর তাৎক্ষণিক উদ্বেগ, আন্তরিকতা এবং অবিচল প্রতিশ্রুতির জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’
এখানে উল্লেখ করা যেতে পারে, প্রায় ছয়দিন ধরে অবিরাম ভারী বৃষ্টির ফলে রাজ্যের একাধিক জেলায় আকস্মিক বন্যা, ভূমিধস এবং নদীভাঙনের ঘটনায় রাজ্যের বিভিন্ন এলাকায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। বন্যা ও ভূমিধসের তাণ্ডবে এ পর্যন্ত তিনজনের মৃত্যু, নিখোঁজ দুজন।
প্রসঙ্গত, প্রতিকূল আবহাওয়ায় রাজ্যের বহু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, একাধিক সেতু ও সরকারি পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।
পূর্ব কামেং, পশ্চিম কামেং, লোয়ার সুবনশিরি, পাপুমপারে এবং ক্যাপিটাল ইটানগর রিজিওন সহ একাধিক জেলায় ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস