'লাখপতি দিদি ড্যাশবোর্ড' ও 'শি লিপস' প্ল্যাটফর্মের সূচনা, ছয় কোটি মহিলাকে লখপতি করার লক্ষ্যের কথা জানালেন শিবরাজ সিং চৌহান
নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.) : গ্রামীণ মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও ক্ষমতায়নের লক্ষ্যে সোমবার ''লাখপতি দিদি ড্যাশবোর্ড'' এবং ''শি লিপস'' প্ল্যাটফর্মের সূচনা করলেন কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নতুন দি
'লখপতি দিদি ড্যাশবোর্ড' ও 'শি লিপস' প্ল্যাটফর্মের সূচনা, ছয় কোটি মহিলাকে লখপতি করার লক্ষ্যের কথা জানালেন শিবরাজ সিং চৌহান


নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.) : গ্রামীণ মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও ক্ষমতায়নের লক্ষ্যে সোমবার 'লাখপতি দিদি ড্যাশবোর্ড' এবং 'শি লিপস' প্ল্যাটফর্মের সূচনা করলেন কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে আয়োজিত দু'দিনের জাতীয় গ্রামীণ উন্নয়ন সম্মেলন ‘গ্রামোদয় সে রাষ্ট্রোদয়’-এর দ্বিতীয় দিনে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘লাখপতি দিদি’ প্রকল্পের লক্ষ্য তিন কোটি থেকে বাড়িয়ে ছয় কোটি মহিলায় উন্নীত করেছেন। এই লক্ষ্য পূরণে আগামী পাঁচ বছরে ১০ লক্ষ কোটি টাকার ব্যাংক-লিঙ্কেজ রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে।

শিবরাজ সিং চৌহান বলেন, প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়নের জন্য রাজ্যগুলিকে সময়মতো নিজেদের আর্থিক অংশ ছাড় করতে হবে। পাশাপাশি গ্রামীণ উন্নয়ন দফতরের শূন্যপদ দ্রুত পূরণ, আধিকারিকদের ঘনঘন বদলি বন্ধ এবং গুরুত্বপূর্ণ পদে অন্তত দুই থেকে তিন বছর তাঁদের দায়িত্বে রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। প্রকল্পের প্রচার, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক নিরীক্ষা (সোশ্যাল অডিট) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক মনিটরিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কথাও বলেন কেন্দ্রীয় মন্ত্রী।

তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার অগ্রগতি পর্যালোচনা করে জানান, একাধিক রাজ্য অত্যন্ত ভালো কাজ করেছে, তবে কয়েকটি রাজ্যের আরও উন্নতির প্রয়োজন রয়েছে।

এই সম্মেলনে দেশের ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ উন্নয়নমন্ত্রী, শীর্ষ আধিকারিক এবং নীতি নির্ধারকেরা অংশ নেন। বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ‘বিকশিত গ্রাম–বিকশিত ভারত’ গড়ে তোলার রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

ভাষণে শিবরাজ সিং চৌহান বলেন, “গ্রাম শুধুমাত্র মাটি বা চৌপালের নাম নয়, গ্রামই ভারতের শক্তি, চেতনা ও আত্মা। উন্নত ভারত গড়তে হলে গ্রামের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতেই হবে।”

তিনি আরও বলেন, এই প্রথম ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ উন্নয়নমন্ত্রীরা এক মঞ্চে এসে উন্নয়ন নিয়ে আলোচনা করলেন। সম্মেলনে উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা-সহ বিভিন্ন রাজ্যের মন্ত্রী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে উন্নয়নের প্রশ্নে এই বৈঠক সমবায়ভিত্তিক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উজ্জ্বল উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি।

ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের সফল মডেল—যেমন মাল্টি-চ্যানেল মার্কেটিং, কমিউনিটি এন্টারপ্রাইজ এবং গৃহভিত্তিক জীবিকা ঋণ প্রকল্পের উল্লেখ করে তিনি জানান, এই সফল মডেলগুলি অন্যান্য রাজ্যের সঙ্গেও ভাগ করে নেওয়া হবে, যাতে সারা দেশে তা বাস্তবায়ন করা যায়। রাজ্যগুলির কোনও নিয়ম বা প্রক্রিয়া নিয়ে বাস্তব সমস্যা থাকলে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক কেন্দ্রীয় মন্ত্রিসভা ও অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংশোধনের বিষয়টি বিবেচনা করবে বলেও আশ্বাস দেন তিনি।

সম্ভাব্য স্বল্প বৃষ্টিপাতের আশঙ্কার কথা মাথায় রেখে ১৪টি রাজ্যকে আগাম সতর্ক থাকার পরামর্শ দেন শিবরাজ সিং চৌহান। জল সংরক্ষণ পরিকাঠামো শক্তিশালী করা এবং গ্রামীণ এলাকায় অতিরিক্ত কর্মসংস্থানের প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেন তিনি, যাতে যে কোনও পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করা যায়।

সম্মেলনের শেষে যুবসমাজ ও উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে আয়োজিত ভিবি-জি রাম কর্মসূচির লোগো ডিজাইন, কুইজ এবং ডিজিটাল কনটেন্ট প্রতিযোগিতার বিজয়ীদেরও সম্মানিত করেন কেন্দ্রীয় মন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande