
হুগলি, ২৯ জুন (হি.স.): ধর্মীয় পরম্পরা ও ঐতিহ্য মেনে সোমবার মাহেশে স্নানযাত্রা উৎসব পালিত হলো। এদিন সকালে মাহেশের ঐতিহাসিক জগন্নাথ মন্দির লাগোয়া স্নানপিঁড়ি মাঠের নাটমন্দিরে ২৮ ঘড়া গঙ্গাজল, দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলভদ্র ও শুভদ্রাকে। মূল মন্দিরের পাশেই রয়েছে এই নাটমন্দির। সেখানেই জগন্নাথ, বলভদ্র ও শুভদ্রাকে স্নান করানো হয়। স্নানযাত্রার পরে মন্দিরে পুজোপাঠ হলেও, বিগ্রহ দর্শনের জন্য মন্দির বন্ধ থাকে।
এই স্নানযাত্রা উৎসব দেখতে ভক্তদের ভিড় জমে যায় জগন্নাথ মন্দির সংলগ্ন স্নানপিঁড়ি মাঠে। বহু মানুষ পুজো দেন। প্রথা অনুযায়ী, বিপুল পরিমাণ দুধ-গঙ্গাজলে স্নান করার ফলে তিন দেবতার জ্বর আসে। মন্দির বন্ধ রেখে শুশ্রূষা চলে। আগামী ১৬ জুলাই রথযাত্রা। সোজা রথের আগের দিন মন্দির খুলে দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ