
নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.) : দেশের শিক্ষা ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে আন্দোলনের প্রতি দেশবাসীকে সমর্থনের আহ্বান জানিয়েছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর-মন্তরে তাঁর অনির্দিষ্টকালের অনশনের দ্বিতীয় দিনে সোমবার তিনি এই আবেদন জানান।
সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় ওয়াংচুক বলেন, শিক্ষা, পরিবেশ, লাদাখ এবং ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র দাবির সমর্থনে তিনি শুধুমাত্র জল ও লবণ খেয়ে অনশন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনস্থলে ইতিমধ্যেই বহু মানুষ তাঁর সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। অনেক সমর্থক তিন থেকে পাঁচ দিনের উপবাস পালন করছেন বলেও তিনি জানান।
দেশের বিভিন্ন রাজ্য, শহর ও গ্রামের সাধারণ মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাঁরা দিল্লিতে আসতে পারবেন না, তাঁরা নিজেদের এলাকায় একদিনের প্রতীকী অনশন পালন করে এই আন্দোলনের প্রতি সমর্থন জানাতে পারেন। তাঁর দাবি, এটি কোনও একটি অঞ্চলের আন্দোলন নয়, বরং গোটা দেশের শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক জবাবদিহিতা এবং পরিবেশ রক্ষার স্বার্থে একটি বৃহত্তর গণআন্দোলন।
উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং জবাবদিহির দাবিতে যন্তর-মন্তরে সিজেপি-র বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবেই এই অনশন শুরু করেছেন সোনম ওয়াংচুক।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য