
আরামবাগ , ২৯ জুন (হি.স.): কামারপুকুর পৌরসভা ঘোষণায় বিডিওকে শুভেচ্ছা জানাল সোমবার বিজেপি প্রতিনিধি দল। রাজ্য সরকারের প্রথম বাজেট অধিবেশনে কামারপুকুরকে পৌরসভা ঘোষণার পর থেকেই এলাকাজুড়ে খুশির হাওয়া বইছে। এই ঘোষণার পিছনে প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি জানিয়ে সোমবার গোঘাট-২ ব্লকের বিডিও কল্লোল সরকারকে শুভেচ্ছা জানাল বিজেপির একটি প্রতিনিধিদল।
এদিন বিডিওর কার্যালয়ে গিয়ে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিজেপি নেতারা। উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিশ্বক্রান্তি সেন-সহ দলের অন্যান্য কর্মী ও সমর্থকরা।
এদিন বিজেপির পক্ষ থেকে জানানো হয়, কামারপুকুরকে পৌরসভা হিসেবে ঘোষণার ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা ও উদ্যোগকে সম্মান জানাতেই এই সৌজন্য সাক্ষাৎ। পাশাপাশি, আগামী দিনে পৌরসভা গঠনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে এলাকার উন্নয়নের কাজ আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা।
এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA