পরিসংখ্যান দিবসে এসডিজি মনিটরিং ওয়েব পোর্টালের উদ্বোধন, জনগণনায় সঠিক তথ্য দেওয়ার আহ্বান
আগরতলা, ২৯ জুন (হি.স.) : দেশের উন্নয়ন পরিকল্পনা, নীতি নির্ধারণ এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের ভিত্তি হিসেবে জনগণনার গুরুত্ব তুলে ধরে সকল নাগরিককে সঠিক তথ্য দিয়ে জনগণনা কর্মীদের সহযোগিতা করার আহ্বান জানালেন ভারত সরকারের জনগণনা পরিচালনালয়ের
পরিসংখ্যান দিবস পালিত


আগরতলা, ২৯ জুন (হি.স.) : দেশের উন্নয়ন পরিকল্পনা, নীতি নির্ধারণ এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের ভিত্তি হিসেবে জনগণনার গুরুত্ব তুলে ধরে সকল নাগরিককে সঠিক তথ্য দিয়ে জনগণনা কর্মীদের সহযোগিতা করার আহ্বান জানালেন ভারত সরকারের জনগণনা পরিচালনালয়ের পরিচালক রতন বিশ্বাস। সোমবার আগরতলার প্রজ্ঞা ভবনে পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

এদিন দেশের বিশিষ্ট পরিসংখ্যানবিদ ও পরিকল্পনাবিদ প্রফেসর প্রশান্ত চন্দ্র মহালানবিসের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের মতো ত্রিপুরাতেও যথাযোগ্য মর্যাদায় পরিসংখ্যান দিবস পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল 'প্রশাসনিক তথ্যের সম্ভাবনার উন্মোচন'। এই প্রতিপাদ্যকে সামনে রেখে অর্থনীতি ও পরিসংখ্যান দফতরের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সরকারি আধিকারিক, বিশেষজ্ঞ এবং বিভিন্ন ফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে রতন বিশ্বাস বলেন, একটি দেশের জনসংখ্যা, সামাজিক-অর্থনৈতিক অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রের সঠিক চিত্র তুলে ধরতে জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৫ বছর পর দেশে আবার জনগণনার কাজ শুরু হতে চলেছে। এই তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো নির্মাণ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের রূপরেখা নির্ধারণ করা হবে।

তিনি জানান, ত্রিপুরায় জনগণনার কাজ দুটি পর্যায়ে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে আগামী ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত স্ব-গণনা প্রক্রিয়া চলবে। এরপর ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত জনগণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এই সময় প্রত্যেক নাগরিককে সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের পাশাপাশি জনগণনা কর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

রতন বিশ্বাস আরও জানান, জনগণনার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি জেলার জেলা শাসককে প্রিন্সিপাল সেন্সাস অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগরতলা পুরনিগম এলাকার ক্ষেত্রে নিগমের কমিশনার এই দায়িত্ব পালন করবেন। জনগণনার মতো গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি সফল করতে প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি ও পরিসংখ্যান দফতরের অধিকর্তা দেবানন্দ রিয়াং। এছাড়াও উপস্থিত ছিলেন দফতরের অন্যান্য আধিকারিক, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিশিষ্ট অতিথিরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এনআইটি আগরতলার সহযোগিতায় অর্থনীতি ও পরিসংখ্যান দফতর নির্মিত এসডিজি মনিটরিং ওয়েব পোর্টালের উদ্বোধন। এই ওয়েব পোর্টালের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। পাশাপাশি তথ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়নমূলক কর্মসূচির মূল্যায়ন এবং 'বিকশিত ত্রিপুরা' গড়ে তোলার লক্ষ্যে কার্যকর সিদ্ধান্ত গ্রহণে এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

এছাড়া অনুষ্ঠানে একটি তথ্যভিত্তিক প্রদর্শনীরও আয়োজন করা হয়, যেখানে পরিসংখ্যানের গুরুত্ব, সরকারি তথ্য সংগ্রহের পদ্ধতি এবং উন্নয়ন পরিকল্পনায় তথ্যের ব্যবহার সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বক্তারা বলেন, আধুনিক প্রশাসনে নির্ভুল তথ্যই কার্যকর নীতি নির্ধারণের মূল ভিত্তি। তাই জনগণনা ও পরিসংখ্যানভিত্তিক তথ্য সংগ্রহে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande