
তিরুবনন্তপুরম, ৩০ জুন (হি.স.) : আগামী চার দিন কেরলম জুড়ে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। রাজ্যের কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার কন্নুর ও কাসারগোড় জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী জানা গেছে , এই দুই জেলায় ২৪ ঘণ্টায় ১১৫.৬ মিলিমিটার থেকে ২০৪.৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে, যেখানে ২৪ ঘণ্টায় ৬৪.৫ মিলিমিটার থেকে ১১৫.৫ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ইডুক্কি, এর্নাকুলম, ত্রিশূর, পালাক্কাড়, মালাপ্পুরম, কোঝিকোড় এবং ওয়েনাড়ে এই সতর্কতা কার্যকর থাকবে।
বুধবার আলাপ্পুঝা, এর্নাকুলম, ত্রিশূর, পালাক্কাড়, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়েনাড়, কন্নুর এবং কাসারগোড়ে হলুদ সতর্কতা জারি থাকবে। বৃহস্পতিবার ত্রিশূর, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়েনাড়, কন্নুর ও কাসারগোড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ইদুক্কি, এর্নাকুলম, কোঝিকোড়, কন্নুর ও কাসারগোড়েও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ারও সতর্কতা জারি করেছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, যার দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
মঙ্গলবার আইএমডি আরও জানিয়েছে, মহারাষ্ট্র উপকূল সংলগ্ন মধ্য-পূর্ব আরব সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত এবং উত্তর তেলেঙ্গানা ও সংলগ্ন অঞ্চলের উপর আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় কেরলে আর্দ্রতা বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবেই রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ৩ জুলাই পর্যন্ত কেরলম, মাহে ও লক্ষদ্বীপে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার কয়েকটি স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তী তিন দিনও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
নিম্নাঞ্চল এবং ভূমিধসপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইএমডি। এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য