
গুয়াহাটি, ৩০ জুন (হি.স.) : গোপন তথ্যের ভিত্তিতে কাছাড় জেলায় পরিচালিত এক অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানে আসবাবপত্রের দোকানের আড়ালে পরিচালিত এক গোপন আস্তানার পর্দাফাঁস করে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর দিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এই সাফল্যের জন্য কাছাড় পুলিশের প্রশংসা করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় বড় মাদক উদ্ধার অভিযান। তিনি বলেন, রাজ্য সরকারের ‘আসাম অ্যাগেইনস্ট ড্রাগস’ অভিযান দৃঢ়তার সঙ্গে অব্যাহত রয়েছে এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কোনও ধরনের শিথিলতা দেখানো হবে না।
পুলিশ ইতিমধ্যেই মামলার তদন্ত শুরু করেছে। উদ্ধারকৃত চালানের উৎস খুঁজে বের করা এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস