
গহপুরে (অসম), ৩০ জুন (হি.স.) : মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নির্দেশে রাজ্যের দুই পরিষদীয় মন্ত্রী সুশান্ত বড়গোহাঁই এবং কেশব মহন্ত গহপুরে চাকরাং নদীর তীরবর্তী বন্যাকবলিত এলাকাগুলি পরিদর্শন করেছেন। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট পরিস্থিতি খতিয়ে দেখতে বন্যাকবলিত এলাকাগুলি পরিদর্শন তাঁদের।
পরিদর্শনকালে মন্ত্রীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখে বন্যা ও নদীভাঙনের ফলে স্থানীয় বাসিন্দাদের ওপর যে প্রভাব পড়েছে, সে সব বিষয়ে পর্যালোচনা করেছেন। এর পর তাঁরা জেলা প্রশাসন এবং জলসম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে চলমান ত্রাণ কার্যক্রম এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দুই মন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা, নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
রাজ্যজুড়ে বন্যা পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি রাখা এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে ত্রাণ ও ক্ষয়ক্ষতি প্রশমন কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে অসম সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে দুই মন্ত্রী পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস