
আগরতলা, ৩০ জুন (হি.স.) : রাজধানী আগরতলার উপকণ্ঠে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার এয়ারপোর্ট থানার অন্তর্গত বামুটিয়া ব্লকের সামনে সিপিডব্লিউডি দফতরের স্টিকার লাগানো একটি বোলেরো পিকআপ গাড়ির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক-সহ অন্তত ছয়জন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার বিভীষিকাময় দৃশ্য ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি,টিআর০১ভি১৬৮৬ নম্বরের বোলেরো পিকআপটি অতিরিক্ত গতিতে আগরতলার দিক থেকে এসে টিআর০১কে২৬২৯ নম্বরের অটোরিকশাকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোর সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। অটোচালক এবং সামনের আসনে বসা জনৈক যাত্রী স্টিয়ারিং ও গাড়ির লোহার কাঠামোর মধ্যে আটকে পড়েন। অন্যান্য যাত্রীরাও গুরুতর জখম হন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার পর দীর্ঘ সময় ঘটনাস্থলে পুলিশ, দমকল বা বিপর্যয় মোকাবিলা বাহিনীর কোনও সদস্য পৌঁছায়নি। ফলে প্রশাসনের জন্য অপেক্ষা না করে এলাকাবাসী নিজেরাই উদ্ধারকাজে নেমে পড়েন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় অটোর ভাঙা অংশ কেটে ও সরিয়ে আটকে পড়া আহতদের উদ্ধার করা হয়। পরে তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের এই মানবিক উদ্যোগ সর্বত্র প্রশংসিত হয়েছে।
অভিযোগ, দুর্ঘটনার পর বোলেরো পিকআপটির চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, অতিরিক্ত গতি এবং বেপরোয়া গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পরে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটি আটক করে। পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি পলাতক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এই ঘটনায় ফের রাজ্যের সড়ক নিরাপত্তা ব্যবস্থা, সরকারি গাড়ির গতিনিয়ন্ত্রণ এবং দুর্ঘটনার পর জরুরি পরিষেবার দ্রুততা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ