
অযোধ্যা, ৩০ জুন (হি.স.): উত্তর প্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইকে অযোধ্যার একটি হোটেলে গৃহবন্দি করে রাখা হয়েছে, বিরোধীরা এমনই দাবি করেছে। এ বিষয়ে কংগ্রেস নেতা অজয় রাই নিজেও মুখ খুলেছেন। মঙ্গলবার তিনি বলেন, আমরা সবাই ভগবান শ্রীরামের আশীর্বাদ নেওয়ার উদ্দেশ্যে অযোধ্যা যাওয়ার পরিকল্পনা করেছিলাম। পুজো ও দর্শনের জন্য আমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছিল। এছাড়াও দান-দক্ষিণা ও অনুদান আত্মসাৎ এবং জমি সংক্রান্ত কেলেঙ্কারির মাধ্যমে এই পবিত্র স্থানের যে দুর্নাম হয়েছে, সে বিষয়েও আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাতে চেয়েছিলাম। আমাকে ও আমার সহকর্মীদের গৃহবন্দি করে রাখা হয়েছে। রাত সাড়ে ১১টা নাগাদ পুলিশ জোরপূর্বক আমাদের গ্রেফতার করে আচার্য নরেন্দ্র দেব বিশ্ববিদ্যালয়ের অতিথি নিবাসে নিয়ে যায়। আমাদের হেনস্থা করা হচ্ছে এবং মন্দিরে যেতে বাধা দেওয়া হচ্ছে। তবে প্রার্থনা করার সুযোগ নিশ্চিত করতে আমরা যে কোনও পদক্ষেপ নিতে প্রস্তুত—তাতে যদি জেলে যেতে হয় কিংবা কয়েক দিন অন্ন-জল ত্যাগ করতে হয়, তবুও আমরা পিছপা হব না। এ বিষয়ে রাজ্যের প্রতিমন্ত্রী ওম প্রকাশ রাজভর বলেছেন, বিতর্ক সৃষ্টির জন্যই এ ধরনের নাটক করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ