
কলকাতা, ৩০ জুন (হি.স.): পালাবদলের পর অপছন্দের নেতাকে হাতের নাগালে পেলেই ডিম ছুড়ছে উত্তেজিত জনতা। ডিম ছোড়া ঠেকাতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালত সূত্রের খবর, মঙ্গলবার মামলার শুনানিতে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর নেতৃৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বলেছে, অভিযুক্তকে নিয়ে নিরাপদে যাতায়াতের ক্ষেত্রে গাইডলাইন তৈরি করতে হবে। রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে। এদিন মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, সমাজিক সচেতনতা তৈরি করতে হবে। বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, সবার সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব।
ডিম ছোড়ার ঘটনা নিয়ে করা জনস্বার্থ মামলায় এদিন হাই কোর্টের পর্যবেক্ষণ, মানুষ নিজেদের হাতে আইন তুলে নিতে পারেন না। রাজ্যের সামাজিক দায়িত্ব সবাইকে নিরাপত্তা দেওয়া। এই ব্যাপারে একটা গাইডলাইন তৈরি করে রাজ্যকে তা প্রচার করতে হবে বলে জানিয়েছে হাই কোর্ট। এভাবে ডিম ছুড়লে কী আইনি ব্যবস্থা নেওয়া হবে তারও প্রচার করতে হবে রাজ্যকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ