
রামগড়, ৩০ জুন (হি.স.) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে আরও গতিশীল করতে রামগড়ে হ্যাশট্যাগ ঝাড়খণ্ড এসআইআর নামে সোশ্যাল মিডিয়া প্রচার অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার জেলার ডেপুটি কমিশনার ঋতুরাজ, পুলিশ সুপার মুকেশ কুমার লুনায়েত-সহ জেলার বিভিন্ন আধিকারিক সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ঝাড়খণ্ড এসআইআর ব্যবহার করে প্রচারে অংশ নেন। পাশাপাশি জেলার সমস্ত ভোটকেন্দ্রে বুথ লেভেল অফিসার (বিএলও) এবং ভোটাররাও নির্বাচন কমিশনের নির্দেশিকা-সহ হ্যাশট্যাগ ঝাড়খণ্ড এসআইআর সম্বলিত পোস্টার প্রদর্শন করেন।
মঙ্গলবার ডেপুটি কমিশনার ঋতুরাজ জানান, এই অভিযানের মূল উদ্দেশ্য সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা। আগামী এক মাস ধরে চলা এই কর্মসূচির আওতায় নির্বাচন কমিশনের পাঠানো এনিউমারেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। তিনি বলেন, নির্বাচনী কাজে নিযুক্ত কর্মীরা জেলার শতভাগ ভোটারের কাছে পৌঁছবেন এবং তাঁদের ফর্ম পূরণ করে ফেরত দিতে হবে।
তিনি আরও জানান, অল্প সময়ের মধ্যে এই কাজ সফলভাবে সম্পন্ন করতে হলে প্রতিটি ভোটারকে সচেতন হতে হবে। ইতিমধ্যেই জেলায় সচেতনতা বাড়াতে প্রচারযান ঘুরছে। পাশাপাশি এই বিষয়ে জানাতে এবং ফর্ম পূরণে উৎসাহিত করতে সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রশাসনের আশা।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস