
ফিরোজাবাদ, ৩০ জুন (হি.স.): উত্তর প্রদেশের ফিরোজাবাদে ই-রিকশার উপরে নিম গাছ ভেঙে পড়ে পাঁচ আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন তিন যাত্রী। পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে আটটা নাগাদ যশরানা তহশিলের পৃথ্বীপুর ছিদ্রাই গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। আটজন যাত্রী ই-রিকশায় চেপে ইটার আওয়াগড় থেকে ফারিহায় যাচ্ছিলেন। সেই সময়ে প্রবল ঝড়বৃষ্টি হচ্ছিল। রাস্তার ধারের নিম গাছ ই-রিকশায় উপর ভেঙে পড়ে এবং তার ফলে আরোহী-সহ গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ফিরোজাবাদের জেলাশাসক সন্তোষকুমার শর্মা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছয়। আর্থমুভার দিয়ে গাছ সরিয়ে জখম যাত্রীদের উদ্ধার করে অ্যাম্বু্ল্যান্সে চাপিয়ে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানকার চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ