
গোসাবা, ৩০ জুন (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন কোস্টাল থানার পুলিশ এবার উদ্ধার করল আগ্নেয়াস্ত্র। ২ দিন আগেই পুলিশের হাতে ধরা পড়েছিল তৃণমূল নেতা অঙ্কন মণ্ডল। গোসাবার কুমিরমারি গ্রামপঞ্চায়েতের অঞ্চল সভাপতি অঙ্কন। এলাকায় তোলাবাজি, মানুষকে হুমকি দেওয়া, জোর করে জমি দখল-সহ ২০২১ সালে ভোট পরবর্তী সময়ে সন্ত্রাস ও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। গত শনিবার তাকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। অঙ্কন মণ্ডলের স্বীকারোক্তির ভিত্তিতে সোমবার রাতে তার বাড়ির পাশের পুকুর থেকে দু'টি ডাবল ব্যারেল পাইপগান এবং ৩০ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ হেফাজতে থাকাকালীন অভিযুক্ত অঙ্কন মণ্ডলকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমদিকে সে কোনও তথ্য দিতে চাইছিল না বলে অভিযোগ। পরে ২৯ জুন রাতে জেরার মুখে সে স্বীকার করে, তার বাড়ির পাশের পুকুরে দু'টি ডাবল ব্যারেল আগ্নেয়াস্ত্র এবং ৩০ রাউন্ড তাজা কার্তুজ লুকিয়ে রাখা রয়েছে। সুযোগ পেলে সে নিজেই সেগুলি বের করে দেবে বলেও জানায়। এরপর অঙ্কন মণ্ডলের দেওয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবন উপকূলীয় থানার এসআই দীপঙ্কর দাস পুলিশ বাহিনী এবং জওয়ানদের সঙ্গে নিয়ে কুমিরমারি এলাকায় অভিযান চালান। অভিযুক্তকে সঙ্গে নিয়ে তার বাড়ির পাশের পুকুরে তল্লাশি শুরু হয়। তল্লাশি চালিয়ে পুকুর থেকে উদ্ধার হয় একটি দেশীয় ডাবল ব্যারেল আগ্নেয়াস্ত্র, যার কাঠের বাট এবং লোহার ব্যারেল রয়েছে। পাশাপাশি ফায়ারিং পিন, ট্রিগার, ট্রিগার গার্ড এবং হ্যামার-সহ সম্পূর্ণ অবস্থায় থাকা অস্ত্রটি উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য আনুমানিক ৪৭ ইঞ্চি। এছাড়াও আরও একটি দেশি তৈরি ডাবল ব্যারেল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, যার দৈর্ঘ্য প্রায় ৪২ ইঞ্চি। এর পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৩০ রাউন্ড তাজা কার্তুজ। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি অভিযুক্ত অঙ্কন মণ্ডলের দেখানো জায়গা থেকেই পাওয়া গিয়েছে। ঘটনার পর অস্ত্র কারবারের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা