
রাঁচি, ৩০ জুন (হি.স.) : হুল দিবস উপলক্ষে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হুল বিপ্লবের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। মঙ্গলবার সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি অমর শহিদ সিধো, কানহু, চাঁদ-ভৈরব, বীরাঙ্গনা ফুলো-ঝানো, চুন্নি মাঝি এবং সুবি হাঁসদাকে স্মরণ করে 'হুল জোহার' জানান।
মুখ্যমন্ত্রী বলেন, ১৮৫৫ সালের ৩০ জুন ভোগনাডিহ থেকে শুরু হওয়া হুল বিপ্লব শোষণ, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে আদিবাসী সমাজের ঐতিহাসিক সংগ্রামের প্রতীক। জল, জঙ্গল, জমি, ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয় রক্ষার জন্য বীর পূর্বপুরুষরা নিজেদের সর্বস্ব উৎসর্গ করেছিলেন। কিন্তু অন্যায়ের কাছে কখনও মাথা নত করেননি।
হেমন্ত সোরেন আরও বলেন, ঝাড়খণ্ডের পরিচয় গড়ে উঠেছে বীর পূর্বপুরুষদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাসের উপর। তাঁদের ত্যাগ ও আদর্শ আগামী প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে। রাজ্য গঠনের ২৫ বছর পূর্তির পর ঝাড়খণ্ড নতুন উদ্যম ও নতুন সংকল্প নিয়ে এগিয়ে চলেছে। বীর পূর্বপুরুষদের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি জল, জঙ্গল ও জমি রক্ষায় রাজ্য সরকার নিরন্তর কাজ করে যাবে বলেও তিনি আশ্বাস দেন। বার্তার শেষে মুখ্যমন্ত্রী 'হুল জোহার', 'জোহার ঝাড়খণ্ড' এবং 'জয় ঝাড়খণ্ড' ধ্বনি ব্যক্ত করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস