মেঙ্গালুরু উপকূলে রাতভর অভিযানে ছয় মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী
নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.) : কর্নাটকের মেঙ্গালুরু উপকূলের কাছে উত্তাল সমুদ্রে বিপদগ্রস্ত একটি মাছধরা নৌকা থেকে ছয় মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (আইসিজি)। প্রতিকূল আবহাওয়ার জেরে ''মঞ্জু মাথা'' নামে নৌকাটিতে দ্রুত জল
মাঙ্গালুরু উপকূলে রাতভর অভিযানে ছয় মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী


নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.) : কর্নাটকের মেঙ্গালুরু উপকূলের কাছে উত্তাল সমুদ্রে বিপদগ্রস্ত একটি মাছধরা নৌকা থেকে ছয় মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (আইসিজি)। প্রতিকূল আবহাওয়ার জেরে 'মঞ্জু মাথা' নামে নৌকাটিতে দ্রুত জল ঢুকতে শুরু করে এবং নৌকার হাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সকলের প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়। পরে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ আইসিজিএস 'সচেত' উপকূল থেকে প্রায় ৩৩ নটিক্যাল মাইল দূরে উদ্ধার অভিযান চালিয়ে সকলকে নিরাপদে উদ্ধার করে।

মঙ্গলবার উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, সোমবার বিকেল প্রায় ৪টায় সুরতকল উপকূল থেকে ৩৩ নটিক্যাল মাইল দূরে থাকা 'মঞ্জু মাথা' নৌকা থেকে একটি বিপদ সংকেত (ডিস্ট্রেস কল) পাওয়া যায়। খবর পেয়েই আইসিজিএস 'সচেত' নির্ধারিত পথ পরিবর্তন করে উদ্ধার অভিযানে নামে এবং প্রায় ৯০ মিনিটের মধ্যেই বিপদগ্রস্ত নৌকার কাছে পৌঁছে যায়।

কমান্ড্যান্ট অমিত উনিয়াল জানান, প্রবল ঢেউ, ঝোড়ো হাওয়া, কম দৃশ্যমানতা এবং রাতের অন্ধকারের মধ্যে উদ্ধার অভিযান পরিচালনা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। এমন পরিস্থিতিতে উদ্ধারকারী দলকে উচ্চমানের নৌ-পরিচালনা দক্ষতা, নিখুঁত সমন্বয় এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পরিচয় দিতে হয়েছে।

তিনি জানান, আধুনিক উদ্ধার প্রযুক্তির সাহায্যে বিশেষভাবে উত্তাল সমুদ্রের জন্য তৈরি রিমোট-নিয়ন্ত্রিত লাইফবয় ব্যবহার করে একে একে নৌকায় আটকে পড়া মৎস্যজীবীদের উদ্ধার করা হয়। সন্ধ্যা ৬টার মধ্যেই ছয়জনকে অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারের পর তাঁদের নিউ মেঙ্গালুরু বন্দরে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। উপকূলরক্ষী বাহিনীর মতে, এই অভিযান প্রতিকূল সামুদ্রিক পরিস্থিতিতেও বাহিনীর দক্ষতা, পেশাদারিত্ব, সাহস এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী দেশের সামুদ্রিক সীমান্তে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি সমুদ্রে বিপদগ্রস্ত নাবিক ও মৎস্যজীবীদের দ্রুত উদ্ধার ও সহায়তা প্রদান করে চলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande