

বাজারিছড়া (অসম), ৩০ জুন (হি.স.) : শ্ৰীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন লোয়াইরপোয়ায় প্রবীণ বিজেপি কার্যকর্তা এবং প্রবুদ্ধ নাগরিকদের সংবর্ধনা প্রদান করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে লোয়াইরপোয়া মণ্ডলের অধীন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর দলীয় জ্যেষ্ঠ কার্যকর্তা সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। সভায় মন্ত্ৰী পাল নিজের হাতে উপস্থিত সবাইকে উত্তরীয় পরিয়ে বরণ করেন। পরে তাঁদের হাতে উপহারস্বরূপ ফলের প্যাকেট তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অসমের মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও তৃণমূল পর্যায়ে ক্ষমতায়নকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
আজকের এই অনুষ্ঠানে ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনী, তাঁদের ত্যাগ ও উৎসর্গের বিষয়ে আলোচনা হয়েছে। তাঁদের আদৰ্শ আর পথ চলাকে পাথেয় করে লক্ষ লক্ষ বিজেপি কার্যকর্তা ও সমর্থকরা এগিয়ে চলেছেন বলে পাথারকান্দির বিধায়ক তথা পরিষদীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান।
সমৃদ্ধশালী আত্মনির্ভর ও উন্নত ভারত গড়ার জন্য দলের সবাই অতি নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। ভারতীয় জনতা পার্টি সর্বদা অন্ত্যোদয়ার হিতে কাজ করে চলেছে। তৃণমূল স্তরের মানুষের সাথে সংযোগ স্থাপন করে সমাজের প্রতিটি বর্গের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে বিশ্বাস করে। পরে মন্ত্রী এদিনের এই অনুষ্ঠানে সকলকে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ দানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আপনাদের আশীর্বাদে এই বিধানসভা থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছি। তাই আপনাদের দিশাদর্শন নিয়ে আগামীদিনে এলাকার উন্নয়নে ব্ৰতী হব। বিগত কংগ্রেস আমলের ৭০ বছরে উন্নয়ন তরান্বিত হয়নি। এবার আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকে প্রত্যেক এলাকায় উন্নয়নের জোয়ার বইছে।
সেই সাথে মন্ত্রী কৃষ্ণেন্দু এদিন মুখ্যমন্ত্ৰীকেও অশেষ ধন্যবাদ জানান। কেননা তাঁকে মন্ত্রিসভায় শামিল করে মুখ্যমন্ত্রী জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, বরাক উপত্যকা উন্নয়ন ও পাৰ্বত্য এলাকা উন্নয়নের মতো তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব তাঁর হাতে দিয়েছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া মণ্ডল সভানেত্ৰী সম্পারানি চৌধুরী, শ্রীভূমি জেলা বিজেপির উপ-সভাপতি হৃষিকেশ নন্দী সহ দলের মণ্ডল স্তরের কার্যকর্তাগণ।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস