
শ্রীভূমি (অসম), ৩০ জুন (হি.স.) : অভিভাবক-মন্ত্রী কৌশিক রায়ের পর্যালোচনা বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে শ্রীভূমি সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. শুভ্রাংশু ভট্টাচার্য তাঁর পদে ইস্তফা দিয়েছেন। ডা. শুভ্রাংশুর পদত্যাগকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
গতকাল সোমবার জেলাশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে হাসপাতালের পরিষেবা নিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমদ একাধিক অভিযোগ উত্থাপন করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের লিফট অকেজো, পর্যাপ্ত স্ট্রেচার ও রোগী পরিবহণের জন্য প্রয়োজনীয় রিভলভিং চেয়ারের অভাব। এছাড়া আইসিইউ-এর শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও দীর্ঘদিন ধরে বিকল থাকায় রোগীদের দুর্ভোগ বাড়ছে।
বৈঠকে উপস্থিত হাসপাতালের সুপার ডা. শুভ্রাংশু ভট্টাচার্যের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান অভিভাবক-মন্ত্রী কৌশিক রায়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রের দাবি, জবাব দিতে গিয়ে হাসপাতালের আসবাবপত্র নষ্ট হওয়ার প্রসঙ্গে জেলার সাধারণ মানুষ সম্পর্কে তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অভিভাবক-মন্ত্রী স্পষ্ট জানান, সরকারি বৈঠকে সাধারণ মানুষ সম্পর্কে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়।
ঘটনার কয়েক ঘণ্টা পর গভীর রাতে ডা. শুভ্রাংশু ভট্টাচার্য সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট পদ থেকে ইস্তফার কথা জানান। যদিও তাঁর পদত্যাগ সরকারিভাবে গৃহীত হয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
আজ মঙ্গলবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমদ বলেন, তিনি বৈঠকে শুধুমাত্র হাসপাতালের বাস্তব সমস্যাগুলি তুলে ধরেছিলেন। তাঁর মতে, হাসপাতালের বেহাল পরিকাঠামো ও পরিষেবার জন্য রোগীদের প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই পরিস্থিতির জন্য সাধারণ মানুষের ওপর দায় চাপানো অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও তিনি মন্তব্য করেন।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস