শ্রীভূমিতে উদ্বোধন নাবার্ড-এর জেলা উন্নয়ন ব্যবস্থাপকের কার্যালয়
কৃষি, গ্রামীণ অর্থনীতি ও আর্থিক অন্তর্ভুক্তিতে নতুন দিগন্তের সূচনা শ্রীভূমি (অসম), ৩০ জুন (হি.স.) : শ্রীভূমি জেলার কৃষি ও গ্রামোন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে ‘ন্যাশনাল ব্যাংক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট’ (নাবার্ড)-এর জেলা উন্নয়
নাবার্ডের জেলা উন্নয়ন ব্যবস্থাপকের কার্যালয়ের উদ্বোধন


নবনির্মিত কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত বৈঠক


কৃষি, গ্রামীণ অর্থনীতি ও আর্থিক অন্তর্ভুক্তিতে নতুন দিগন্তের সূচনা

শ্রীভূমি (অসম), ৩০ জুন (হি.স.) : শ্রীভূমি জেলার কৃষি ও গ্রামোন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে ‘ন্যাশনাল ব্যাংক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট’ (নাবার্ড)-এর জেলা উন্নয়ন ব্যবস্থাপক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো মঙ্গলবার। শহরের লঙ্গাই রোডে সৎসঙ্গ বিহার আশ্রম সংলগ্ন নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন জেলা আয়ুক্ত লালরোহলু খিয়েংতে। জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই কার্যালয়কে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দফতর, ব্যাংক, সমবায় প্রতিষ্ঠান, কৃষি ও প্রাণিসম্পদ বিভাগ, গ্রামোন্নয়ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকদের উপস্থিতি অনুষ্ঠানকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

জেলা আয়ুক্ত লালরোহলু খিয়েংতে বলেন, একটি জেলার প্রকৃত উন্নয়ন কেবল প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। প্রশাসন, ব্যাংক, সমবায় প্রতিষ্ঠান, সরকারি দফতর ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়। তিনি বলেন, শ্রীভূমির সামগ্রিক অগ্রগতির জন্য সুপরিকল্পিত উন্নয়ন কর্মসূচির পাশাপাশি বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। নাবার্ড-এর নতুন জেলা কার্যালয় সেই সমন্বয়কে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি জেলার উন্নয়নের জন্য উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ এবং সেগুলির সফল বাস্তবায়নে সকল অংশীদারের সক্রিয় সহযোগিতার আহ্বান জানান তিনি।

শ্রীভূমির জেলা উন্নয়ন ব্যবস্থাপক রজত ভার্মা বলেন, এই কার্যালয়ের উদ্বোধন শুধুমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, জেলার দীর্ঘমেয়াদি উন্নয়নের প্রতি নাবার্ড-এর অঙ্গীকারের প্রতিফলন। জেলা প্রশাসন, বিভিন্ন ব্যাংক, সমবায় প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলির মধ্যে আরও নিবিড় সমন্বয়ের মাধ্যমে কৃষি, স্বনির্ভর গোষ্ঠী, গ্রামীণ শিল্প, জীবিকাভিত্তিক প্রকল্প এবং অবকাঠামো উন্নয়নের কাজে নতুন গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা কৃষি আধিকারিক এস ইসলাম বলেন, শ্রীভূমিতে কৃষি উৎপাদন বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রবি মরশুমে সরিষা, ডালশস্য ও শাক-সবজির চাষ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে। কৃষকদের সংগঠিত করে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন গড়ে তোলা এবং আধুনিক গুদাম ও সংরক্ষণ ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানো সম্ভব বলেও তিনি মত প্রকাশ করেন।

ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে নাবার্ড-এর অসম আঞ্চলিক কার্যালয়ের জেনারেল ম্যানেজার কামার জাভেদ সমবায় সমিতিগুলিকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন। অন্যদিকে, মুখ্য মহাপ্রবন্ধক জি রমেশ কুমার বলেন, শ্রীভূমিতে ঋণ-আমানত অনুপাত বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। উৎপাদনমুখী ঋণ বিতরণ বাড়ানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পরিকাঠামোগত বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ আধিকারিক মণিউদ্দিন আহমেদ, আরসেটি-র পরিচালক রোমিও চড়ই, লিড ব্যাংকের প্রতিনিধি সিংহেশ ঝা, আসাম কো-অপারেটিভ অ্যাপেক্স ব্যাংকের প্রতিনিধি সনন্দা ভট্টাচার্য, সমবায় দফতারের প্রতিনিধি কল্লোল দাস ও রাহুল দাস, অসম স্টেট রুরাল লাইভলিহুড মিশনের প্রতিনিধি মোনালিশা দাস সহ বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক, ব্যাংক প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং কৃষকগণ।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande