
মথুরায়, ৩০ জুন (হি.স.): উত্তর প্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনায় চার বাসযাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ১৯ জন যাত্রী। পুলিশ জানিয়েছে, ভোররাত সাড়ে তিনটে নাগাদ আগ্রা থেকে নয়ডাগামী বেসরকারি একটি বাস রায়া থানা এলাকায় নুড়িপাথর বোঝাই ট্রেলারের পিছনে ধাক্কা মারে। বাসের গতি বেশি ছিল। চালক নিয়ন্ত্রণ রাখতে না পারায় দুর্ঘটনা ঘটে। বাসের সামনের অংশ দুমড়ে গিয়েছে। মথুরার পুলিশ সুপার সঞ্জীব কুমার জানিয়েছে, বেসরকারি বাসটি বিহারের। ট্রেলারটি রাজস্থানের। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এসপি (গ্রামীণ) সুরেশ চন্দ্র রাওয়াত জানান, মথুরা জেলার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রেলার তৃতীয় লেনে চলছিল। অতিরিক্ত গতির কারণে প্রায় ৬৫ জন যাত্রী-সহ একটি ভলভো বাস পেছন থেকে ওই ট্রেলারটিকে ধাক্কা মারে। পুলিশ ভোররাত ৩.৩৫ মিনিটে খবর পায়। দুর্ঘটনাস্থল থেকে হাসপাতাল পর্যন্ত একটি 'গ্রিন করিডোর' তৈরি করা হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়; দুর্ঘটনায় চারজন মারা গেছেন এবং আরও ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের পুরো দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ