
নয়াদিল্লি / ইটানগর, ৩০ জুন (হি.স.) : অবিরাম ভারী বৃষ্টিপাতের জেরে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে উদ্ভূত বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় যোগাযোগ এবং ‘ডেভেলপমেন্ট অব নর্থইস্ট রিজিওন’ (ডোনার) দফতরের মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। তিনি ত্রাণ, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে কেন্দ্রের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য পৃথকভাবে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং এবং মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিঙের সঙ্গে কথা বলে বন্যা পরিস্থিতির খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলির বন্যা মোকাবিলায় গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করেছেন।
আলোচনাকালে কেন্দ্রীয় মন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকাগুলির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়ে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে রাজ্য সরকারগুলিকে সর্বাত্মক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, মানুষের জীবন রক্ষা, ত্রাণ কার্যক্রম আরও জোরদার করা এবং যত দ্রুত সম্ভব স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে রাজ্যগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে কেন্দ্র।
ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে অসমের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। রাজ্যের ছয়টি জেলায় বন্যার প্রভাব পড়েছে। অন্যদিকে, অরুণাচল প্রদেশে টানা ভারী বৃষ্টির ফলে ২৮টি জেলার মধ্যে ১২টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিকিম ও মণিপুরেও প্রতিকূল আবহাওয়া বিরাজ করায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এদিকে, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় মেঘালয় সরকারও পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।
মন্ত্রক জানিয়েছে, বর্তমান আবহাওয়া পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার অবস্থাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে পরিস্থিতির অবনতি হলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়।
উত্তর-পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে টানা বৃষ্টিপাত, নদীর জলস্তর বৃদ্ধি, ভূমিধস এবং যাতায়াত ও অত্যাবশ্যকীয় পরিষেবায় বিঘ্নের মধ্যে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ও কেন্দ্রীয় সংস্থাগুলি সমন্বয় করে ত্রাণ ও দুর্যোগ মোকাবিলার কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে আজ মঙ্গলবার কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অরুণাচল প্রদেশে গিয়ে রাজ্যের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস