
নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.) : অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে প্রণামী চুরির ঘটনায় সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত এবং এ-সংক্রান্ত বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-এর রিপোর্ট প্রকাশের দাবি জানিয়েছে কংগ্রেস।
মঙ্গলবার দলের সদর দফতরে সাংবাদিক বৈঠকে কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত বলেন, ৮ জুন বিরোধী দলগুলির বৈঠকে এই বিষয়ে যৌথভাবে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাঁর অভিযোগ, সরকার ও মন্দির ট্রাস্ট শীর্ষ পদাধিকারীদের আড়াল করার চেষ্টা করছে, অথচ ব্যবস্থা নেওয়া হচ্ছে শুধুমাত্র নিম্নস্তরের কর্মীদের বিরুদ্ধে।
শ্রীনেত দাবি করেন, সিসিটিভি ফুটেজে মাত্র ৪০ দিনের মধ্যে প্রায় ৭০টি চুরির ঘটনা ধরা পড়েছে। গত সাড়ে পাঁচ বছরের হিসাব কে দেবে, সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর অভিযোগ, প্রণামী গণনা ও নিরাপত্তার ক্ষেত্রে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হয়নি এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) সতর্কবার্তাও উপেক্ষা করা হয়েছে।
কংগ্রেসের দাবি, মন্দির ট্রাস্ট ভেঙে দিতে হবে, শীর্ষ পদাধিকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে, মন্দিরে প্রাপ্ত সমস্ত অনুদানের স্বাধীন অডিট করাতে হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে প্রকাশ্যে জবাব দিতে হবে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য