
থানে , ৩০ জুন (হি.স.) : মহারাষ্ট্র টেট (মহা-টেট) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে বিহারের পাটনা থেকে এক মহিলাকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। একইসঙ্গে উত্তর প্রদেশের আগ্রার একটি ছাপাখানায় গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন তদন্তকারীরা এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের মূল চক্রীর খোঁজে পাটনায় পৌঁছে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। তদন্তে তিনি সহযোগিতা না করায় তাঁকে আটক করে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের আশা, তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে এবং মূল চক্রীর হদিস পাওয়া সম্ভব হবে।
এদিকে, মহারাষ্ট্র বিধানসভায় স্কুলশিক্ষামন্ত্রী দাদা ভুসে জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (এমসিওসিএ)-এর অধীনে মামলা দায়ের করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভায় বিরোধী সদস্যরা সরব হন।
উল্লেখ্য, গত ২৮ জুন মহা-টেট পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে ২৭ জুন মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসার পর পরীক্ষা বাতিল করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা বিহার ও হরিয়ানার বাসিন্দা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য