মনরেগার বকেয়া ও নতুন ভিবি-জি রামজি প্রকল্প নিয়ে কেন্দ্রের জবাব চাইলেন খাড়গে
নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.) : মনরেগার বকেয়া অর্থপ্রদান, নতুন ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা ‘ভিবিজিরামজি’ এবং গ্রামীণ কর্মসংস্থান নিয়ে কেন্দ্রের কাছে জবাব চাইলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ
মনরেগার বকেয়া ও নতুন ভিবি-জি রামজি প্রকল্প নিয়ে কেন্দ্রের জবাব চাইলেন খাড়গে


নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.) : মনরেগার বকেয়া অর্থপ্রদান, নতুন ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা ‘ভিবিজিরামজি’ এবং গ্রামীণ কর্মসংস্থান নিয়ে কেন্দ্রের কাছে জবাব চাইলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ, কেন্দ্র সরকার মনরেগাকে দুর্বল করে দিয়েছে, রাজ্যগুলির বকেয়া অর্থ পরিশোধ করেনি এবং নতুন প্রকল্পের মাধ্যমে রাজ্যগুলির উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো হচ্ছে।

মঙ্গলবার সামাজিক মাধ্যম 'এক্স'-এ খাড়গে জানান, লোকসভায় দেওয়া এক লিখিত উত্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১৭,১৪৪.১৩ কোটি টাকা বকেয়া ছিল। এর মধ্যে ৭,৮৪৬.২৫ কোটি টাকা শ্রমিকদের মজুরি বাবদ। তিনি প্রশ্ন তোলেন, শ্রমিকদের প্রাপ্য অর্থ এখনও কেন দেওয়া হয়নি।

কংগ্রেস সভাপতির দাবি, ১ জুলাই থেকে ভিবি-জি রামজি প্রকল্প চালু হলেও বহু রাজ্য এখনও মনরেগার বকেয়া পায়নি। তাঁর অভিযোগ, কর্নাটকের প্রায় ৭০০ কোটি টাকা, ঝাড়খণ্ডের প্রায় ৯০০ কোটি টাকা-সহ তেলঙ্গানা ও তামিলনাড়ুর বকেয়া এখনও মেটানো হয়নি।

তিনি বলেন, কংগ্রেস সরকারের আমলে মনরেগায় শ্রমিকদের মজুরির সম্পূর্ণ ব্যয় কেন্দ্র সরকার বহন করত। কিন্তু নতুন প্রকল্পে মোট ব্যয়ের ৪০ শতাংশ রাজ্যগুলিকে বহন করতে হবে। বিভিন্ন রাজ্য এই আর্থিক পরিকাঠামো পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নতুন প্রকল্পে টানা ৬০ দিন কাজ বন্ধ রাখার বিধান নিয়েও প্রশ্ন তোলেন খাড়গে। তাঁর মতে, এই সিদ্ধান্ত কৃষক ও গ্রামীণ শ্রমিকদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি দাবি করেন, ১২৫ দিনের কর্মসংস্থান নিশ্চিত করতে মধ্যপ্রদেশ ও বিহারের মতো রাজ্যগুলির উপর হাজার হাজার কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা পড়বে।

মজুরির হার প্রসঙ্গেও কেন্দ্রকে আক্রমণ করেন খাড়গে। তিনি জানান, অন্তত পাঁচটি রাজ্য দৈনিক মজুরি বৃদ্ধির দাবি তুলেছে। কংগ্রেস দীর্ঘদিন ধরেই মনরেগার অধীনে দৈনিক ৪০০ টাকা মজুরি চালুর দাবি জানিয়ে আসছে। তাঁর অভিযোগ, শ্রমিকদের সম্মানজনক পারিশ্রমিক দেওয়ার বিষয়ে কেন্দ্র সরকার আন্তরিক নয়।

খাড়গে আরও বলেন, জুন মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে এবং খরিফ মরশুমের বপনও প্রভাবিত হয়েছে। এই পরিস্থিতিতে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পকে দুর্বল করা শ্রমিক, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং দরিদ্র মানুষের স্বার্থের পরিপন্থী। তিনি এই সমস্ত বিষয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জবাব দাবি করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande