
আরামবাগ, ৩০ জুন (হি.স.): আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার ও রিষড়ার কাউন্সিলর শাকির আলীর বাড়িতে এনআইএ-র তল্লাশি। মঙ্গলবার সকালে হুগলি জেলার আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার এবং রিষড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলীর বাড়িতে অভিযান চালায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এনআইএ-র একটি দল রিষড়ায় শাকির আলীর বাড়িতে পৌঁছায়। অভিযানের সময় বাড়ির গেট ও আশপাশের এলাকায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। তল্লাশি চলাকালীন নিরাপত্তার স্বার্থে কাউকে বাড়ির ভিতরে প্রবেশ বা বাইরে বের হতে দেওয়া হয়নি। একই সময়ে আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতেও এনআইএ-র তল্লাশি চালানোর খবর সামনে আসে। তবে ঠিক কী কারণে এই অভিযান, তা এখনও স্পষ্ট নয়।
এনআইএ সূত্রে এখনও পর্যন্ত অভিযান সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্ত চলায় সংস্থার পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে এই তল্লাশির নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তদন্তের স্বার্থে এনআইএ বিষয়টি নিয়ে মুখ না খুললেও, ঘটনার ওপর নজর রয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলের। তদন্তে নতুন কোনও তথ্য সামনে এলে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলতে পারে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA