
মুম্বই, ৩০ জুন (হি.স.): মারাঠাভূমে আরও শক্তিশালী হল এনডিএ সরকার। শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে আবারও ধাক্কা খেলেন। মঙ্গলবার দলের বিধান পরিষদের সদস্য (এমএলসি) শচীন আহির শিন্ডে-পন্থী শিবসেনা শিবিরে যোগ দিয়েছেন। তিনি বিধান পরিষদের ডেপুটি চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন।
মঙ্গলবার এই প্রসঙ্গে মহারাষ্ট্র সরকারের মন্ত্রী সঞ্জয় শিরসাত বলেছেন, আজ বিধান পরিষদের ডেপুটি চেয়ারম্যান পদের জন্য শচীন আহিরের নাম প্রস্তাব করা হয়েছে। তিনি শিন্ডে-পন্থী শিবসেনা গোষ্ঠীতে যোগ দিয়েছেন।
শচীন আহিরের শিন্ডে-পন্থী শিবসেনা গোষ্ঠীতে যোগদানের বিষয়ে এনসিপি (এসপি)-র বিধায়ক রোহিত পাওয়ার এদিন বলেন, শুরুতে শচীন আমাদের দলের সঙ্গেই ছিলেন। এরপর তিনি উদ্ধব ঠাকরের শিবসেনায় যোগ দেন এবং এখন তিনি একনাথ শিন্ডের শিবসেনায় চলে গেছেন। তবে ক্রমাগত এমন ঘটনা গণতন্ত্রের জন্য শুভ নয়। জনগণ যখন কোনও দল ও তার আদর্শের ওপর ভিত্তি করে এই জনপ্রতিনিধিদের নির্বাচিত করেন, আর পরবর্তীতে অর্থ বা ক্ষমতার প্রলোভন দেখিয়ে তাঁদের দলবদল করানো হয়, তা ঠিক নয়। যা ঘটেছে, তা নিঃসন্দেহে গণতন্ত্রের পরিপন্থী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ