
সিরসা, ৩০ জুন (হি.স.) : আন্তঃরাজ্য মোটরসাইকেল চুরিচক্রের পর্দাফাঁস করে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া ৯টি মোটরসাইকেল। জিজ্ঞাসাবাদে তারা মোট ১০টি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছে।
মঙ্গলবার ডিএসপি সুখবীর সিং জানান, ধৃতদের নাম সুখচেইন ও সন্দীপ সিং। দু'জনেই রাজস্থানের হনুমানগড় জেলার বাসিন্দা। সিরসা শহরের মেলা গ্রাউন্ড এলাকার বাসিন্দা গুনি রামের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।
অভিযোগে জানানো হয়েছিল, গত ১০ জুন সিরসার নেহেরু পার্ক থেকে তাঁর মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। ঘটনার তদন্তভার দেওয়া হয় পুলিশের অ্যান্টি ভেহিকল থেফট শাখাকে। তদন্ত চলাকালীন একটি গুরুত্বপূর্ণ গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে মূল অভিযুক্ত সুখচেইন স্বীকার করে, সিরসা শহর, রানিয়া, এলেনাবাদ এবং রাজস্থানের হনুমানগড় এলাকা থেকে মোট ১০টি মোটরসাইকেল চুরি করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ চুরি যাওয়া ৯টি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে।
ডিএসপি আরও জানান, দ্বিতীয় অভিযুক্ত সন্দীপ সিংকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার অপরাধমূলক রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আরও চুরির ঘটনার তথ্য সামনে আসতে পারে বলে পুলিশের অনুমান।
বাকি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার স্বার্থে দুই অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস