
মালদা, ৪ জুন (হি.স.): পৃথক দুটি অভিযানে সাফল্য পেল মালদা থানার পুলিশ। প্রায় ২ কেজি মাদক (ব্রাউন সুগার) ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। গ্রেফতার ৩ জন। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মালদার কালিয়াচক থেকে গাজোলের উদ্দেশে বাইকে আসা কনক বর্মন ও সৌমেন রায়কে আটক করা হয়। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ২ কেজি ব্রাউন সুগার। মাদক পাচারের কাজে ব্যবহৃত বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
অন্যদিকে, বুধবার গভীর রাতেই মালদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে যাত্রাডাঙ্গা পঞ্চায়েতের পোপড়া স্ট্যান্ড এলাকা থেকে অঞ্জন রবিদাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপ গান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃত তিনজনকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ