লাগামছাড়া তোলাবাজির অভিযোগ, তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের ১৮ জুন পর্যন্ত পুলিশ হেফাজত
কলকাতা, ৫ জুন ( হি. স. ) : লাগামহীন তোলাবাজি, শ্লীলতাহানি এবং অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। বৃহস্পতিবার রাতে নিউ আলিপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। শুক্রবার তাঁক
স্বরূপ বিশ্বাস


কলকাতা, ৫ জুন ( হি. স. ) : লাগামহীন তোলাবাজি, শ্লীলতাহানি এবং অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। বৃহস্পতিবার রাতে নিউ আলিপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। শুক্রবার তাঁকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক আগামী ১৮ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

এদিন আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, স্বরূপ বিশ্বাস এবং তাঁর সিন্ডিকেট প্রায় ৫০ জনের কাছ থেকে ৪৫ হাজার টাকা করে তোলাবাজি করেছে। শুধু তাই নয়, বন্দুক দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হলেও এখনও পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। সেই কারণেই অস্ত্র উদ্ধার ও ঘটনার গভীরে পৌঁছাতে কলকাতা পুলিশের পক্ষ থেকে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।

আদালতে স্বরূপ বিশ্বাসের আইনজীবী এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, অভিযোগকারিণী অনেকের নাম নিয়েছেন, যার মধ্যে সাত জনের নাম রয়েছে। কিন্তু এই ঘটনায় স্বরূপ বিশ্বাসের কোনো ভূমিকা নেই। অস্ত্র উদ্ধার না হওয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অস্ত্র আইনে মামলা দেওয়া হচ্ছে, কিন্তু অস্ত্র উদ্ধার হলো কোথায়? যে এলাকায় ঘটনা ঘটেছে, সেখানে সিসিটিভি রয়েছে। তাহলে সেই সিসিটিভি ফুটেজ কোথায়?

টালিগঞ্জের এই প্রভাবশালী নেতার গ্রেফতারির পর টলিপাড়ার ভেতরে ও বাইরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর মুখ খুলেছেন কেশসজ্জা শিল্পী তনুশ্রী। তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, কত যন্ত্রণা পেয়েছি, গতকাল শান্তিতে ঘুমিয়েছি...।

উল্লেখ্য, গত ২৮ মে টালিগঞ্জের এই হেভিওয়েট বিশ্বাস পরিবারে ভাঙনের খবর সামনে এসেছিল এবং স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের বিচ্ছেদের বিষয়টিও চর্চায় ছিল। তার ঠিক কয়েকদিনের মাথাতেই এই গ্রেফতারের ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande