
অন্ডাল, ৪ জুন (হি. স.):-পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লকের সিন্দুলি এলাকায় একটি বিয়েবাড়িতে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে বড় সাফল্য পেল অন্ডাল থানার পুলিশ। ধৃতের নাম সিবা বেদ। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে সিন্দুলি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে আচমকাই গুলি চালানোর ঘটনা ঘটে। ওই ঘটনায় এক ব্যক্তি গুরুতর জখম হন। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বিয়ের আনন্দঘন পরিবেশ মুহূর্তের মধ্যে আতঙ্কে পরিণত হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করে অন্ডাল থানার পুলিশ। মূল অভিযুক্ত সিবা বেদের সন্ধানে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। অবশেষে বুধবার অন্ডাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল পাত্রের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে সিবা বেদকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যের কারণ এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। সেই কারণে আদালতের কাছে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।তদন্তকারী আধিকারিকদের দাবি, এই গ্রেপ্তারি তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করতেও তদন্ত অব্যাহত রয়েছে। এলাকায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সেদিকেও নজর রাখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়