
বজবজ, ৪ জুন (হি. স.):-ভোটারদের ভয় দেখানো ও প্রাণনাশের হুমকির অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার বজবজ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিঠুন টিকাদার-কে গ্রেফতার করল বজবজ থানার পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার গভীর রাতে চিত্রিগঞ্জ বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মিঠুন টিকাদার আত্মগোপন করে ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অংশ হিসেবে তাঁর মোবাইল নম্বর ট্র্যাক করা হলে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়।পুলিশ জানতে পারে, চিত্রিগঞ্জ বাজারে তাঁর এক অনুগামীর সঙ্গে যোগাযোগ হওয়ার কথা রয়েছে। ওই যুবককে টাকা এবং জামাকাপড় নেওয়ার জন্য সেখানে আসতে বলা হয়েছিল বলে অভিযোগ। সেই তথ্যের ভিত্তিতে নজরদারি চালিয়ে পুলিশ অবশেষে মিঠুন টিকাদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।উল্লেখ্য, এর আগেও ২০১৮ সালের অক্টোবর মাসে দুর্গা প্রতিমা বিসর্জনের রাতে গোষ্ঠীসংঘর্ষ, মারধর ও গুলি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।ধৃত কাউন্সিলরকে বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয়েছে। এতদিন তিনি কোথায় আত্মগোপন করে ছিলেন এবং কারা তাঁকে সাহায্য করেছেন, তা জানতে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে। তবে তাঁর বিরুদ্ধে ঠিক কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়