
কলকাতা, ৪ জুন (হি.স.) : তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হলেন স্বরূপ বিশ্বাস। বৃহস্পতিবার রাতে নিউ আলিপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ধৃত স্বরূপ বিশ্বাস রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা অরূপ বিশ্বাসের ভাই।
পুলিশ সূত্রের খবর, সম্প্রতি নিউ আলিপুর থানায় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শারীরিক নিগ্রহ, শ্লীলতাহানি এবং তোলাবাজির একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এদিন রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।
এদিকে স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের খবর চড়ামাত্রই নিউ আলিপুর থানার সামনে স্থানীয় বাসিন্দাদের একাংশ ভিড় জমান। ধৃতের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। উত্তেজিত জনতার অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্বরূপ বিশ্বাস এবং তাঁর সহযোগীরা এলাকায় তোলাবাজি ও সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছিলেন। উত্তেজিত বাসিন্দারা দাবি জানান, স্বরূপ বিশ্বাসকে গাড়ি করে নয়, বরং সবার সামনে দিয়ে হাঁটিয়ে থানায় নিয়ে যেতে হবে। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি