
বসিরহাট, ৪ জুন (হি. স.):-উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হাকিমপুর চেকপোস্টে বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ১৭০ জন বাংলাদেশি নাগরিক জমায়েত করেছেন। প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, তাঁদের পরিচয় ও নথিপত্র যাচাইয়ের কাজ চলছে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।জেলা প্রশাসনের তত্ত্বাবধানে একটি বিশেষ ক্যাম্পে বায়োমেট্রিক তথ্য, ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করে কম্পিউটার ব্যবস্থায় সংরক্ষণ করা হচ্ছে। বিএসএফ সূত্রে খবর, পরিচয় সংক্রান্ত সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই না হওয়া পর্যন্ত কাউকে সীমান্ত পেরিয়ে ফেরত পাঠানো হবে না।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বাদুড়িয়া, স্বরূপনগর-সহ তিনটি হোল্ডিং সেন্টারে প্রায় ৫০ জন বাংলাদেশি রয়েছেন। সেখানে শিশু, মহিলা ও পুরুষদের জন্য খাদ্য, স্বাস্থ্য পরিষেবা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।এদিকে, প্রতিটি থানার আওতায় একটি করে হোল্ডিং সেন্টার গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু হয়েছে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট সমস্ত প্রক্রিয়া কেন্দ্রীয় ও জেলা প্রশাসনের পর্যবেক্ষণে পরিচালিত হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়