
গুয়াহাটি, ৪ জুন (হি.স.) : ১২ জন বিধায়ককে অন্তর্ভুক্ত করে অসম মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। তাঁদের মধ্যে চারজন নতুন। আগামীকাল শুক্রবার (৫ জুন) ১২ জন মন্ত্রী শপথগ্রহণ করবেন। সম্প্রসারণের ফলে মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে ১৭ হবে। তবে ১৯ সদস্যের মন্ত্রিসভায় এখনও দুটি পদ শূন্য।
আজ বৃহস্পতিবার নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স-এ ১২ জন বিধায়কের নাম ঘোষণা করেছেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। এক্স-এ তিনি জানান, শপথগ্রহণ অনুষ্ঠান শুক্রবার (৫ জুন) বেলা ১২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
মুখ্যমন্ত্রীর ঘোষিত মন্ত্রিসভায় যাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁরা যথাক্রমে অশ্বিনী রায় সরকার, অশোক সিংহল, বিমল বরা, বিশ্বজিৎ দৈমারি, জয়ন্তমল্ল বরুয়া, কৌশিক রায়, কেশব মহন্ত, কৃষ্ণেন্দু পাল, নীলিমা দেবী, পীযূষ হাজরিকা, রণোজ পেগু এবং সুশান্ত বড়গোহাঁই।
প্রসঙ্গত সম্প্রসারিত মন্ত্রীদের মধ্যে অশ্বিনী রায় সরকার, প্রাক্তন অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, সুশান্ত বড়গোহাঁই এবং নীলিমা দেবী প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন।
নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ এবং নবীন নেতৃত্বের সমন্বয় রেখেছেন মুখ্যমন্ত্রী। বিশ্বজিৎ দৈমারির অন্তর্ভুক্তি অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব সম্পাদন করেছেন তিনি। তাছাড়া, বরাক উপত্যকা থেকে কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালকে সম্প্রসারিত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। লোয়ার এবং আপার আসামেরও প্রতিনিধিত্ব রেখেছেন ড. শর্মা।
এদিকে মঙ্গলদৈ আসন থেকে প্রথমবারের বিধায়ক এবং বিজেপির প্রবীণ মহিলা নেত্রী নীলিমা দেবীর অন্তর্ভুক্তিকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। তাঁর অন্তর্ভুক্তির ফলে অসম মন্ত্রিসভায় মহিলা মন্ত্রীর সংখ্যা বেড়ে হবে দুই। অন্য মহিলা হলেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। তিনি গত ১২ মে শপথ গ্রহণ করেছিলেন।
মন্ত্রিসভা সম্প্রসারণে জোটসঙ্গীদের প্রতিনিধিত্বও বজায় রাখা হয়েছে। অসম গণ পরিষদ (অগপ)-এর কেশব মহন্ত রাজ্য মন্ত্রিসভায় দলের দ্বিতীয় মন্ত্রী হবেন। এর আগে অগপ সভাপতি অতুল বরাই দলের একমাত্র মন্ত্রী ছিলেন। অন্যদিকে, বডোল্যান্ড পিপলস্ ফ্রন্ট (বিপিএফ)-এর প্রতিনিধিত্ব বজায় রাখছেন চরণ বড়ো। তিনি সরকারের একমাত্র বিপিএফ মন্ত্রী।
অন্যদিকে প্রবীণ নেতা প্রদ্যুৎ বড়দলৈ এবং ভূপেন কুমার বরার সম্ভাব্য মন্ত্রিত্ব নিয়ে জল্পনার অবসান ঘটেছে। বিধানসভা নির্বাচনের আগে তাঁরা বিজেপিতে যোগদান করলেও তাঁদের কারও নাম ঘোষিত মন্ত্রী তালিকায় স্থান পায়নি।
বিগত সরকারে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী বিজেপির একাধিক প্রবীণ নেতাকে নতুন মন্ত্রিসভায় রাখা হয়নি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এবং প্রবীণ বিজেপি নেতা প্রশান্ত ফুকন।
এখানে উল্লেখ করা যেতে পারে, ১২৬ সদস্যের অসম বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ১০২টি আসনে জয়লাভ করার পর গত ১২ মে হিমন্তবিশ্ব শর্মা টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন। ওইদিন (১২ মে) মুখ্যমন্ত্রীর সঙ্গে শরিকদল অগপ-সভাপতি অতুল বরা, অজন্তা নেওগ, রামেশ্বর তেলি এবং বিপিএফ-এর চরণ বড়ো ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস