
নয়াদিল্লি, ৪ জুন (হি.স.) : কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ও সিবিএসইর বিরুদ্ধে নবম ও দশম শ্রেণিতে ত্রিভাষা সূত্র এবং অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) ব্যবস্থা তড়িঘড়ি ও একতরফাভাবে চালুর অভিযোগ তুলল কংগ্রেস। দলের দাবি, এই সিদ্ধান্ত শিক্ষাব্যবস্থায় বিভ্রান্তি সৃষ্টি করবে এবং লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ফেলবে।
বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে কংগ্রেসের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ দাবি করেন, ২০২৫ সালের ডিসেম্বরে সিবিএসই পরিচালন পর্ষদ পাঠ্যক্রম কমিটির সুপারিশ অনুমোদন করেছিল। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল, এনসিইআরটি নতুন গ্রেডভিত্তিক পাঠ্যপুস্তক প্রকাশ না করা পর্যন্ত বর্তমান ভাষা নীতিই বহাল থাকবে। সেই সিদ্ধান্তে তৎকালীন চেয়ারম্যান ও সচিবের স্বাক্ষরও ছিল।
কিন্তু ২০২৬ সালের মে মাসে সিবিএসই একটি বিজ্ঞপ্তি জারি করে ১ জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক করার নির্দেশ দেয়। একইসঙ্গে স্কুলগুলিকে জানানো হয়, ষষ্ঠ শ্রেণির এনসিইআরটি পাঠ্যপুস্তক ব্যবহার করে নবম শ্রেণির পড়ুয়াদের ওই ভাষা পড়াতে হবে।
জয়রাম রমেশ প্রশ্ন তোলেন, গত ছয় মাসে এমন কী পরিবর্তন ঘটেছে, যার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হল? তাঁর দাবি, এখনও নবম ও দশম শ্রেণির জন্য নতুন ভাষার কোনও পাঠ্যপুস্তক প্রকাশ করেনি এনসিইআরটি। ফলে এই সিদ্ধান্তের কোনও শিক্ষাগত ভিত্তি নেই।
কংগ্রেসের অভিযোগ, শিক্ষা মন্ত্রক এবং তার অধীনস্থ সংস্থাগুলি শিক্ষাবিদদের পরামর্শ উপেক্ষা করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করছে। এই সিদ্ধান্তে দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দলটি।
এ প্রসঙ্গে জয়রাম রমেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে দায় নেওয়ার আহ্বান জানিয়ে তাঁর পদত্যাগের দাবি তোলেন।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য