
নয়াদিল্লি, ৪ জুন (হি.স.) : মহিলা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত চাহিদা উপেক্ষা করার অভিযোগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হল কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার অভিযোগ করেন, সরকারের ব্যর্থতা সামনে এনে দিতে পারে এমন জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা-৬ (এনএফএইচএস-৬)-এর গুরুত্বপূর্ণ তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হচ্ছে।
সামাজিক মাধ্যম এক্স-এ খাড়গে দাবি করেন, এনএফএইচএস-৬-এর তথ্য কেন্দ্রের অক্ষমতাকেই প্রকাশ করে। তাঁর অভিযোগ, দেশে প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভুগছে, এক-তৃতীয়াংশ শিশুর ওজন স্বাভাবিকের তুলনায় কম এবং ছয় থেকে ২৩ মাস বয়সি ৮৪ শতাংশ শিশু পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না।
কংগ্রেস সভাপতির দাবি, ১৫ থেকে ৪৯ বছর বয়সি ৫৭ শতাংশ মহিলা রক্তাল্পতা বা অ্যানিমিয়ায় আক্রান্ত এবং প্রতি পাঁচজন মহিলার মধ্যে একজন অপুষ্টির শিকার। তিনি বলেন, প্রকৃত পরিস্থিতি আড়াল করতে সরকার বেছে বেছে তথ্য প্রকাশ করছে এবং প্রচারের উপর বেশি গুরুত্ব দিচ্ছে।
খাড়গের অভিযোগ, স্বাস্থ্য ও পুষ্টি ক্ষেত্রে বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরার পরিবর্তে কেন্দ্র সরকার তথ্য গোপনের কৌশল নিয়েছে, যার ফলে দেশের নারী ও শিশুদের প্রকৃত সমস্যাগুলি সামনে আসছে না।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য