
নয়াদিল্লি, ৪ জুন (হি.স.) : মধ্যপ্রদেশের নিট পরীক্ষার্থী আকাঙ্ক্ষা চতুর্বেদীর আত্মহত্যার ঘটনাকে সামনে রেখে দেশের শিক্ষা ব্যবস্থা এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, সাম্প্রতিক বছরগুলিতে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে এবং তার মাশুল দিতে হচ্ছে দেশের তরুণ প্রজন্মকে।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক বার্তায় রাহুল গান্ধী বলেন, আকাঙ্ক্ষা চিকিৎসক হয়ে সমাজের সেবা করার স্বপ্ন দেখতেন। কৃষক পরিবারের মেয়ে আকাঙ্ক্ষার পড়াশোনার জন্য তাঁর বাবা ঋণ নিয়েছিলেন এবং অন্য রাজ্যে কাজ করে মেয়ের কোচিংয়ের খরচ জোগাড় করেছিলেন। কিন্তু নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং তা ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা তাঁর মানসিক অবস্থাকে প্রভাবিত করে বলে দাবি করেন কংগ্রেস নেতা।
রাহুলের অভিযোগ, শিক্ষা ক্ষেত্রে একের পর এক বিতর্ক সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কার্যকর সংস্কারের পথে এগোয়নি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, তদন্ত কমিটি গঠন ও প্রশাসনিক পদক্ষেপের ঘোষণা হলেও সমস্যার স্থায়ী সমাধান এখনও অধরাই রয়ে গিয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রদেশের মউগঞ্জ জেলার বাসিন্দা ১৮ বছরের আকাঙ্ক্ষা চতুর্বেদী নাগপুরে থেকে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ২০ মে তাঁর মৃত্যুর ঘটনা সামনে আসে। পরে পরিবারের হাতে পৌঁছায় তাঁর লেখা একটি চিঠি, যেখানে তিনি পুনরায় পরীক্ষা দেওয়ার মানসিক শক্তি হারিয়ে ফেলার কথা উল্লেখ করেছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়।
আকাঙ্ক্ষার মৃত্যু নতুন করে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির স্বচ্ছতা, শিক্ষার্থীদের উপর মানসিক চাপ এবং পরীক্ষাভিত্তিক শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে জাতীয় স্তরে বিতর্ক উসকে দিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ঘটনাটি শুধুমাত্র একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়; বরং দেশের উচ্চশিক্ষা ও নিয়োগ ব্যবস্থার প্রতি তরুণ প্রজন্মের আস্থার সঙ্গেও জড়িয়ে রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য