
এগরা, ৪ জুন (হি. স.):-পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বেসরকারি স্কুলের ছাদ থেকে আপত্তিকর সামগ্রী ও সরকারি ত্রিপল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা স্কুল এবং সংশ্লিষ্ট এক তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সুজিত শীর মালিকানাধীন একটি বেসরকারি স্কুলের ছাদে গিয়ে স্থানীয় বাসিন্দারা শাড়ি, ব্লাউজ, ব্যবহৃত ও অব্যবহৃত কন্ডোম, সরকারি ত্রাণের ত্রিপল এবং কিছু নথিপত্র দেখতে পান বলে দাবি করেন। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বিক্ষোভকারীদের অভিযোগ, স্কুলের পঠনপাঠনের আড়ালে দীর্ঘদিন ধরে সেখানে অসামাজিক কার্যকলাপ চলছিল। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্ত নেতার বাড়ি ও স্কুল ঘেরাও করে বিক্ষোভে সামিল হন।অভিযোগ প্রকাশ্যে আসার পর অভিযুক্ত সুজিত শীকে এলাকায় দেখা যায়নি বলে স্থানীয়দের দাবি। খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সমস্ত সামগ্রী ও নথিপত্র উদ্ধার করে তদন্ত শুরু করেছে।তবে অভিযুক্ত তৃণমূল নেতা বা দলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার সত্যতা এবং উদ্ধার হওয়া সামগ্রীর উৎস খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়