
জলপাইগুড়ি, ৪ জুন (হি.স.): মেটেলির মাটিয়ালী ব্লকের অন্তর্গত নাগেশ্বরী চা বাগানে বৃহস্পতিবার এক মহিলার পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়াল। বাগানের সাত নম্বর সেকশনে কাজে গিয়ে শ্রমিকরা প্রথম দেহটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। মৃত মহিলার নাম সবিতা খেড়িয়া বলে জানা গেছে। তিনি আই উইল চা বাগানের মংরা লাইনের বাসিন্দা ছিলেন।
মৃতার আত্মীয় জগদীশ খেড়িয়া জানিয়েছেন, সবিতাদেবী গত কিছু সময় ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাঁর স্বামী চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। সবিতাদেবী নিজেও বিভিন্ন চা বাগানে শ্রমিকের কাজ করতেন। গত ১ জুন বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তাঁর কোনও খোঁজ মিলছিল না। বৃহস্পতিবার শ্রমিকরা দেহটি দেখার পর মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। দেহটি সম্পূর্ণ পচে যাওয়ার কারণে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে। ওই মহিলা কীভাবে সেখানে পৌঁছালেন এবং কোন পরিস্থিতিতে তাঁর মৃত্যু হল, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি