
কোচবিহার, ৪ জুন (হি স)। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত দিনহাটা। বুধবার সন্ধের পর স্থানীয় একটি পাটখেত থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়। মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান, নাবালিকাকে ধর্ষণের পর তারই পরনের প্যান্ট পেঁচিয়ে খুন করা হয়েছে। বৃহস্পতিবার সকালেও এলাকায় ছিল উত্তেজনার রেশ।
নাবালিকার পরিবারের অভিযোগ, বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি সে। চিন্তায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সাহায্যে এগিয়ে আসেন স্থানীয়রাই।
বুধবার সন্ধের পর
এলাকার পাটখেত থেকে নাবালিকার নিথর দেহ উদ্ধার করা হয়। সেইসময়েই তার গলায় প্যান্ট জড়ানো ছিল বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের।
খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে।
প্রাথমিক অনুমান, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এই ঘটনায় কতজন যুক্ত রয়েছে, তাও জানার চেষ্টা করছে পুলিশ।
এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষ অপরাধীকে শনাক্ত করে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত