
বিধাননগর, ৪ জুন (হি. স.):-জমি জালিয়াতি ও আর্থিক প্রতারণা সংক্রান্ত বহুল আলোচিত সোনা পাপ্পু মামলার তদন্তে বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বিধাননগর দফতরে হাজির হলেন প্রভাবশালী তৃণমূল নেতা কল্যাণ শুক্লা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মামলার বিভিন্ন আর্থিক লেনদেন ও নথিপত্র সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ইডি সূত্রে জানা গিয়েছে, এর আগে কল্যাণ শুক্লার আরবানা আবাসনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে তদন্তকারীরা জমি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছিলেন। তদন্তকারীদের দাবি, ওই নথিগুলির সঙ্গে জমি জালিয়াতি চক্রের সম্ভাব্য যোগসূত্র রয়েছে। সেই সূত্র ধরেই তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।তদন্তে আরও জানা যায়, পূর্বে তাঁর বাসভবনে তল্লাশির সময় নগদ প্রায় ১০ লক্ষ টাকা এবং উল্লেখযোগ্য পরিমাণ সোনার গয়না উদ্ধার হয়েছিল। এছাড়াও একাধিক আর্থিক লেনদেন সংক্রান্ত নথিও তদন্তকারীদের হাতে এসেছে বলে সূত্রের খবর।ইডি আধিকারিকরা ওই নথিপত্র, আর্থিক লেনদেনের উৎস এবং মামলার অন্যান্য অভিযুক্তদের সঙ্গে সম্ভাব্য যোগাযোগের বিষয়েও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন। তবে এই বিষয়ে কল্যাণ শুক্লার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়