
জলপাইগুড়ি, ৪ জুন (হি.স.): পাকা কাঁঠালের গন্ধের টানে এবার সোজা বিলাসবহুল রিসর্টের ভেতরে ঢুকে পড়ল একটি হাতি। বুধবার রাতে জলপাইগুড়ির লাটাগুড়ি উড়ালপুল লাগোয়া একটি বেসরকারি রিসর্টের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি হাতি আচমকাই লোকালয়ে চলে আসে। লাটাগুড়ি উড়ালপুলের পাশে অবস্থিত ওই বেসরকারি রিসর্টের পাঁচিল পেরিয়ে ভেতরে ঢুকে পড়ে। রিসর্টের বাগানে থাকা গাছ থেকে পাকা কাঁঠাল পেড়ে মনের আনন্দে খেতে শুরু করে গজরাজ।
রিসর্টের ভেতরে হাতির কাঁঠাল খাওয়ার এই দৃশ্য দেখে ভিড় জমান উৎসাহী মানুষজন। অনেকেই মোবাইলের ক্যামেরায় হাতির ‘উদরপূর্তির’ দৃশ্য বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা। রেঞ্জ অফিসারের নেতৃত্বে বন দফতরের একটি দল দীর্ঘক্ষণের চেষ্টায় হাতিটিকে নিরাপদে জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ