
বসিরহাট, ৪ জুন (হি. স.):-উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ব্লকের বামনপুকুর গ্রাম পঞ্চায়েতে সরকারি জলছত্র প্রকল্পের একটি ঠান্ডা পানীয় জল সরবরাহকারী কিয়স্ক পঞ্চায়েত প্রধানের বাড়ির ভেতরে বসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনিক তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।অভিযোগের তির বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নূর নাহার বিবির দিকে। স্থানীয়দের দাবি, সাধারণ মানুষের ব্যবহারের জন্য বরাদ্দ জলছত্র প্রকল্পের কিয়স্কটি কোনও জনবহুল বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে না বসিয়ে প্রধানের বাড়ির পেছনের দিকে স্থাপন করা হয়েছে। ফলে সাধারণ মানুষের পক্ষে সেই পরিষেবা ব্যবহার করা কার্যত অসম্ভব।এলাকাবাসীর অভিযোগ, প্রচণ্ড গরমে পানীয় জলের সমস্যায় ভুগছেন বহু মানুষ। সেই পরিস্থিতিতে সরকারি প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁছানোর পরিবর্তে ব্যক্তিগত প্রভাব খাটিয়ে তা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি পঞ্চায়েত পরিচালনা ও বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন নিয়েও একাধিক অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়দের একাংশ।তবে এই সমস্ত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও বক্তব্য পাওয়া যায়নি।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। এলাকাবাসীর দাবি, সরকারি প্রকল্পের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের তরফে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। এখন প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর সকলের।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়