
কলকাতা, ৪ জুন (হি.স.): বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করল আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার প্রেস ক্লাব কলকাতায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বছরভর ডিজিটাল প্রচার কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। এই সচেতনতামূলক প্রচারের মূল ভাবনা— “আগামীর বার্তা: প্রকৃতি, জলবায়ু, আমাদের ভবিষ্যৎ”। মূলত প্রকৃতি রক্ষা, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সচেতনতা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিনের অনুষ্ঠানে পরিবেশ ও জলবায়ু বিষয়ের ওপর আধারিত কয়েকটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পুনর্বসু চৌধুরী, ‘নো ডিজাস্টার’ ম্যাগাজিনের এডিটর বৈশালী মুখার্জি এবং পরিবেশ বিজ্ঞানী ড. স্বাতী নন্দী চক্রবর্তী।উৎসব কমিটির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এই প্রসঙ্গে জানান, সিনেমা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, সমাজে ইতিবাচক পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। এই উৎসবের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা আরও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি চলচ্চিত্রপ্রেমী, পরিবেশকর্মী এবং গণমাধ্যমের প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত