কাঠমাণ্ডুতে বসছে দক্ষিণ এশিয়ার সাহিত্য মহাকুম্ভ, যোগ দিচ্ছেন বহু ভারতীয় বিশিষ্টজন
নয়াদিল্লি/কাঠমাণ্ডু, ৪ জুন (হি.স.) : নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে আগামী ৬ ও ৭ জুন অনুষ্ঠিত হতে চলেছে ‘কাঠমাণ্ডু কলিঙ্গ সাহিত্য মহোৎসব (কেএলএফ) ২০২৬’-এর চতুর্থ সংস্করণ। নেপাল-ভারত সাহিত্যিক শীর্ষ সম্মেলন হিসেবে পরিচিত এই উৎসবে প্রথমবারের মতো দুই দেশ
কাঠমাণ্ডুতে বসছে দক্ষিণ এশিয়ার সাহিত্য মহাকুম্ভ, যোগ দিচ্ছেন বহু ভারতীয় বিশিষ্টজন


নয়াদিল্লি/কাঠমাণ্ডু, ৪ জুন (হি.স.) : নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে আগামী ৬ ও ৭ জুন অনুষ্ঠিত হতে চলেছে ‘কাঠমাণ্ডু কলিঙ্গ সাহিত্য মহোৎসব (কেএলএফ) ২০২৬’-এর চতুর্থ সংস্করণ। নেপাল-ভারত সাহিত্যিক শীর্ষ সম্মেলন হিসেবে পরিচিত এই উৎসবে প্রথমবারের মতো দুই দেশের প্রাচীন সভ্যতাগত সম্পর্ককে সাহিত্য, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে বিশেষভাবে তুলে ধরা হবে।

বৃহস্পতিবার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরের উৎসবের মূল বিষয় ‘সীমানার গণ্ডি পেরিয়ে: পরিবর্তিত বিশ্বে দক্ষিণ এশীয় সাহিত্য’। সাহিত্যিক আদান-প্রদানের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সাংস্কৃতিক সংযোগ আরও সুদৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

উৎসবে ভারতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব অংশ নেবেন। তাঁদের মধ্যে রয়েছেন লোকসঙ্গীত শিল্পী মালিনী অবস্থী, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ আচার্য প্রশান্ত, কংগ্রেস সাংসদ শশী থারুর, রাজনৈতিক বিশ্লেষক ও সমাজনেতা রাম মাধব, লোকগায়িকা ইলা অরুণ এবং অভিনেতা-গীতিকার পীযূষ মিশ্র।

দুই দিনের এই সাহিত্য উৎসবে দক্ষিণ এশিয়া ও বিশ্বের বিভিন্ন প্রান্তের লেখক, কবি, শিক্ষাবিদ এবং নীতিনির্ধারকেরা অংশ নেবেন। পরিচয় ও প্রবাসজীবন, সামাজিক সংযোগ, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন ও শ্রম অভিবাসন, লোকসংস্কৃতি, অন্তর্ভুক্তি ও বৈচিত্র্য, এবং অস্থির সময়ে আধ্যাত্মিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে প্যানেল আলোচনা, মূল বক্তৃতা, কবিতা পাঠ, সাংস্কৃতিক পরিবেশনা, বই প্রকাশ, কর্মশালা, মাস্টারক্লাস এবং সাহিত্য সম্মান প্রদান।

আয়োজকদের মতে, এই উৎসবের মাধ্যমে পশুপতিনাথ থেকে পুরী, কাশী থেকে কাঠমাণ্ডু, বোধগয়া থেকে বৌদ্ধনাথ এবং লুম্বিনী থেকে লালদেদ পর্যন্ত বিস্তৃত ভারত-নেপালের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে নতুন করে তুলে ধরা হবে। পাশাপাশি মীরাবাই, আক্কা মহাদেবী, আন্ডাল, লালদেদ এবং দুই দেশের বৈষ্ণব কবিদের রচনার সঙ্গীত পরিবেশনাও উৎসবের অন্যতম আকর্ষণ হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande